গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে ছিলেন। তার মৃত্যুর ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরলেন অভিনেতা।
বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন থেকে বাড়ি থেকেই এই অভিনেতার চিকিৎসা চলবে।
ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। চিকিৎসকের কড়া পরামর্শ অনুযায়ী আপাতত নিজ বাসভবনেই থাকবেন তিনি। সেখানেই চলবে প্রয়োজনীয় সকল চিকিৎসা।
একইসঙ্গে অভিনেতার টিম সকলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম গুজব বা ভুয়া খবর না ছড়াতে। ধর্মেন্দ্র ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকতেও অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন 'হিম্যান' খ্যাত এই অভিনেতা। তার অসুস্থতার খবরটি দ্রুত বলিউড পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। এর মধ্যেই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লে তা আরও বেশি বিচলিত করে তোলে ভক্তদের।