বাংলা চলচ্চিত্র নিয়ে আক্ষেপ বাংলাদেশি সিনেমাপ্রেমীদের মনে বহু বছর ধরেই। বিগত কয়েক দশকে বাংলা সিনেমার দর্শক মনে রাখার মতো তেমন কোনো সিনেমা পায়নি বললেও ভুল বলা হবে না। অন্যদিকে সিনেমার মান কমায় কমেছে এর দর্শকও। যার প্রভাব পড়েছে সিনেমা হলগুলোতে। একের পর এক বন্ধ হয়েছে দেশের সিনেমা হলগুলো। তবুও যেন বন্ধ হচ্ছে না নিম্নমানের সিনেমা তৈরি।
প্রতিবছর ঈদ উপলক্ষ্যে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় বাণিজ্যিক ধারার সিনেমা। এর মধ্যে শাকিব খানের সিনেমা প্রায় প্রতিবছর ঈদেই মুক্তি দেওয়া হয় হলগুলোতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খানের সিনেমা 'গলুই'। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে শাকিব ও পূজা চেরি অভিনীত একসঙ্গে তাদের প্রথম সিনেমা ‘গলুই’-এর টিজার। তবে টিজারটি দেখার পর থেকেই দর্শকমহলে দেখা গেছে ভিন্ন প্রতিক্রিয়া। ভিন্ন গল্প ও নতুন কিছু দর্শকরা এই সিনেমার মাধ্যমে দেখতে পাবেন–এমনটি নির্মাতার পক্ষ থেকে বলা হলেও টিজারটিতে তেমন কিছুই নাকি চোখে পড়েনি দর্শকের।
টিজারে একজন গ্রাম্য মাঝির চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। তবে কোথায় যেন একদমই মিলছে না তার লুকটি। গ্রাম্য মাঝি মানেই গলায় তাবিজ, ময়লা ফতুয়া এমন ধারণা থেকে যেন বের হতেই পারছেন না নির্মাতারা। টিজার দেখে অনেকেই মন্তব্য করেছেন, যেন তারা নব্বই দশকের কোনো সিনেমা দেখছেন। তা ছাড়া বয়সে অনেক বেশি ছোট পূজাকেও মানাচ্ছে না শাকিবের সঙ্গে–এমনটাও বলছেন অনেকে। তবে সবকিছুর ঊর্ধ্বে এর সেই পুরোনো কাহিনি। টিজারটিতেই যেন বুঝিয়ে দেওয়া হয়েছে কী হতে চলেছে এর কাহিনি। নতুন কিছুর কথা বলা হলেও সেই পুরোনো প্রেমকাহিনিই যেন নবনির্মিত সিনেমা ‘গলুই’-এ দেখা যাবে। যেখানে নায়ক খুব গরিব ও নায়িকা থাকবে কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। প্রথমে তাদের প্রেম পরে কাহিনি এগিয়ে সিনেমা শেষে হ্যাপি এন্ডিং।
দর্শকের প্রশ্ন–এই আধুনিক যুগে এসেও এমন সিনেমা আর কত দিন দেখতে হবে তাদের? নতুন নতুন বলে নতুন মোড়কে সেই পুরোনো গল্প আর কত দিন দেখতে হবে দর্শককে। তা ছাড়া ওটিটি ও অন্যান্য নাটকগুলো যেভাবে দর্শকপ্রিয়তা নিয়ে এগিয়ে চলেছে, সেভাবে পাল্লা দিয়ে বাংলা সিনেমা কবে এগিয়ে যাবে–সেই প্রশ্নও এখন সবার মনে।