নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে একটি অভিযানে প্রায় ১০৫ মিটার বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উদ্ধার হওয়া তারগুলো একটি বাড়ি থেকে পাওয়া যায়, যার মালিক হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও বর্তমান ইউপি সদস্য মো. ইমান হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগের রাতেই (২৩ এপ্রিল) বদরপুর এলাকায় একটি ৩৩ কেভি সঞ্চালন লাইনের এক স্প্যান তার চুরি হয়। তারের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
এনফোর্সমেন্ট টিম স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। বাড়ির ভেতরে বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় তারগুলো পাওয়া যায়। অভিযানের সময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ইমান হোসেনের ফোন বন্ধ পাওয়া যায়। পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই এবং তারগুলো উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।”