শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নন্নীবাজার মার্কাজ মসজিদে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিল পালন করতে গিয়ে ফল বিক্রেতা ও নন্নী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হজরত আলী (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নন্নীবাজার মার্কাজ মসজিদের খতিব ও ঈমাম মাও: সালমান মুনিরকে হাজারো মুসল্লিদের সামনে শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য প্রকাশ্যে মিলাদ ও দোয়া কামনা করায় বিক্ষুব্ধ মুসল্লি ও স্থানীয় জনতা হজরত আলীকে ধরে এনে ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রাখে।
পরে এলাকাবাসী থানা পুলিশকে জানালে, পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জানাগেছে, সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন হযরত আলী৷ অত্যান্ত দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করতো। তার কর্মকান্ড ও আচরনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষজন ক্ষিপ্ত ছিলেন। এমনকি গত প্রায় ১৫ বছর ধরে সে নন্নীবাজারে কৃষি গোডাউনের সামনের সরকারি জায়গা দখল করে ব্যবসা করে আসছে।
আটক হজরত আলী এই প্রতিনিধিকে বলেন, ১৫ আগষ্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য মিলাদ ও দোয়া কামনা করেছি। বিষয়টি যে এতো বড় হবে বুঝতে পারিনি। এজন্য আমি ভুল স্বীকার করে স্থানীয় মানুষকে বলেছি ভবিষ্যতে আর আওয়ামী লীগ করবোনা।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।