শেরপুরের শ্রীবরদীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খড়িয়া কাজিরচর ইউনিয়নের ইউপি সদস্য মো. হাসানুজ্জামান রনি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের হালগড়া সেরাজুল হক বিএম টেকনিক্যাল কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে লংগরপাড়া বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে হাসানুজ্জামান রনির সমর্থকরা অংশ নেন। এ সময় বিভিন্ন বয়সী নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রার শুরুতে চেয়ারম্যান প্রার্থী মো. হাসানুজ্জামান রনি যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার মানুষের পাশে থাকার বিষয়ে তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।
হাসানুজ্জামান রনি বলেন, তিনি নির্বাচিত হলে খড়িয়া কাজিরচর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা হাসানুজ্জামান রনির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানান।