শেরপুরের শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়নের হালুহাটি গ্রামে শেখবর আলী হত্যা মামলায় আপস-মীমাংসায় রাজি না হওয়ায় বাদীপক্ষের পরিবারের সদস্য ও সাক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। একই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ও নিহতের বাবা মোফাজ্জল হকের মৃত্যুর ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০২২ সালের ২৩ মার্চ শেখবর আলীকে ছুরিকাঘাত ও মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই মাহফুজ মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই আপস-মীমাংসার জন্য তাঁদের ওপর চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। গত ৬ আগস্ট ২০২৬ তারিখে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী মোফাজ্জল হক (৭২) নিজ বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারা যান। পরিবারের দাবি, তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। ঘটনাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
এদিকে, গত ৬ নভেম্বর জমিতে ধান কাটাকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। হত্যা মামলার সাক্ষী মো. জজ মিয়ার লিখিত অভিযোগ অনুযায়ী, এ সময় মো. জাকির হোসেন জিকু, মো. সাইফুল ইসলাম, মো. মোস্তফা, সাইফুল মিয়া, বিপ্লব ও সবিলা বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হন। এক নারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আরেক নারীকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেরপুরে পাঠানো হয়।
শেখবর হত্যা মামলার বাদী মাহফুজ বলেন, বিচার চলাকালে তাঁদের ওপর আপসের চাপ দেওয়া হচ্ছে। তাঁরা ন্যায়বিচার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চান,
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অহির উদ্দীন বলেন, বিচার চলাকালে বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় থাকলে তা উদ্বেগজনক। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
নিহত শেখবর আলীর স্ত্রী জাহানারা বলেন, স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে তাঁর পরিবারের সদস্যরা এখন হামলা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। আমি চাই আমার পরিবার কে জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।