শেরপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপনসহ ওয়াকার-উজ-জামান-এঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় নকলায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বাদজুম’আ উপজেলার চন্দ্রকোনা বাজারের মিয়াবাড়ী জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় এবং সর্বসাধারণের অংশ গ্রহনে স্মৃতিচারনমূলক সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
মিয়াবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজ সেবক ইরাদ চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারন সভায় বক্তব্য রাখেন, মিয়াবাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সমাজ সেবক মোঃ মোকশেদুল হক শিবলু, চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, বায়েজিদ ট্রেডাসের মালিক সোহেল রানা ও মিয়াবাড়ী জামে মসজিদের খতিব প্রমুখ।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি শফিউল আলম লাভলুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জুম’আর নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন পেশাশ্রেণীর অগণিত জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১ জুন সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক অফিস আদেশে ২৩ জুন অপরাহ্ন থেকে শেরপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। ওই অফিস আদেশ মোতাবেক রোববার (২৩ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।