ঢাকা, ২১ জুলাই: উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাইলট তৌকির শেষ মুহূর্তে মাইলস্টোন স্কুল অতিক্রম করে পাশের ফাঁকা জায়গা, অর্থাৎ দিয়াবাড়ির একটি খোলা মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন।
ঘটনার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রশিক্ষণরত পাইলট তৌকির কন্ট্রোল হারিয়ে ফেলেন। তবে হতাহত এড়াতে মাইলস্টোন স্কুলের উপরে না গিয়ে নিরাপদ বিকল্প হিসেবে দিয়াবাড়ির খোলা এলাকায় বিমানটি নামানোর চেষ্টা করেন।
বিমানটি মাটিতে পড়ার সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তেই সেটিতে আগুন ধরে যায়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থাগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি দ্রুত গতিতে নিচে নামছিল এবং হঠাৎ করেই একটি ঝাঁকুনি দিয়ে মাটিতে পড়ে যায়। এরপর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।