নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান খুলাল বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুসারে, গত ৬ সেপ্টেম্বর, ২০২৫, শনিবার তিনি এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে একটি রাজনৈতিক সভার আয়োজন করেন, যেখানে তার ব্যক্তিগত ৭০-৮০ জন বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। সরকারি ছুটির দিনে সরকারি অফিসের অডিটরিয়াম ব্যবহার করে দীর্ঘ সময় ধরে এই আয়োজনের ফলে পরিবেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং রাতের বেলা সেখানে উচ্চস্বরে শব্দও উৎপন্ন হয়, যা নৈরাজ্য সৃষ্টি করে।
এটি সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা-২০১৮ এর সরাসরি লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। এছাড়া, অভিযোগ করা হয়েছে যে, নির্বাহী প্রকৌশলী জনাব আহসানুজ্জামান দীর্ঘদিন ধরে দাপ্তরিক কাজের জন্য ফাইল আটকে রাখেন এবং ঘুষের বিনিময়ে সেগুলো ছাড়ানোর প্রথা চালু করেছেন। স্থানীয়রা জানান, তার দপ্তরে নানা অনিয়ম এবং আর্থিক দুর্নীতির কারণে বহু ব্যক্তি নিপীড়িত হচ্ছেন। অভিযোগকারীরা বলেন, তার ব্যক্তিগত আয় থেকে এমন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয়, যা তার আর্থিক অনিয়মের ইঙ্গিত দেয়।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়ে আল নায়েম সিফাত এবং আব্দুল সালাম প্রিন্স নামের দুজন, ছাত্র সংগঠনের সদস্যদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তারা দাবি করেছেন, যদি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সরকারি সম্পদ অপব্যবহার করে নিজেদের ক্ষমতা দেখাতে উৎসাহী হতে পারেন।
অভিযোগকারীরা বিশ্বাস করেন, এই অভিযোগের সঠিক তদন্ত করলে সত্যতা প্রকাশ পাবে।