রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুন লাগা রাসায়নিক গুদাম থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের পক্ষে ভবনের ভেতরে ঢুকে আগুন সম্পূর্ণ নেভানো এখন পর্যন্ত সম্ভব হয়নি। তাই তারা বিশেষ সুরক্ষা পোশাক (কেমিক্যাল স্যুট) পরে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ভেতরে প্রচুর সাদা ধোঁয়া থাকায় তারা ঢুকতে পারেননি।
বুধবার (১৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, রাসায়নিক গুদামের আগুন এখনো পুরোপুরি নেভেনি।
যার কারণে ভেতরে প্রবেশ করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এ সময় দুই ফায়ারকর্মীকে বিশেষ সুরক্ষা পোশাক পরতে দেখা যায়।
দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আমাদের বিশেষজ্ঞ দল সকালে কেমিক্যাল স্যুট পরে গুদামের প্রধান ফটক খুলতে সক্ষম হয়েছে, কিন্তু ভেতরে প্রবেশ করা যায়নি। ভেতরে প্রচুর সাদা ধোঁয়া রয়েছে, যা অত্যন্ত বিষাক্ত।
ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে।
তিনি বলেন, আমাদের কার্যক্রম চলমান আছে, তবে দীর্ঘ সময় লাগবে কেমিক্যাল পুরোপুরি অপসারণ করতে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত দেবেন, আমরা পরবর্তীতে কী করব।'
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে পোশাক কারখানার পাশের একটি অবৈধ রাসায়নিক গুদাম থেকে। আগুন দ্রুতই পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।