জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নসহ ৫ দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তিন ঘণ্টার বেশি সময় পর প্রেসক্লাবের সামনের সড়ক ছেড়েছেন। তবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণার পাশাপাশি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকদের সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।
বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সড়ক ছেড়ে দেন তারা। এর আগে দুপর ১২টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করেন। পরে পুলিশ বাঁধার মুখে পড়লে সড়কেই বসে পড়েন তারা।
পরে শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপি জমা দেয়ার সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা।
সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতিনিধি দলের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। আমরা ভেবেছিলাম, অন্তত সৌজন্যমূলক আচরণ পাবো। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অসম্মানজনক আচরণ করেছেন; যা গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।
এর প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন কাজী মোখলেছুর রহমান। একইসঙ্গে তিনি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
শিক্ষকদের ৫ দাবি
১.
অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদফতরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আলাদা অধিদফতর স্থাপন করতে হবে।