নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছে ৫ প্রার্থী। তাদের মধ্যে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের ভাই স্বতন্ত্র প্রার্থী লুৎপুল হায়দার লেলিনও রয়েছেন। ১৭ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুলকার নাঈম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৩৪টি কেন্দ্রে ৩৯ হাজার ৮২২ ভোট কাস্ট হয়। যার মধ্যে ৬৯টি ভোট বাতিল হওয়ার পর ৩৯ হাজার ৭৫৩ ভোট বৈধ হয়। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান সোহেল ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকার ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।
এছাড়া মোবাইল প্রতীক নিয়ে লুৎফুল হায়দার লেলিন পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবু নাছের পেয়েছেন এক হাজার ১১৭ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মো. শহীদুল ইসলাম ৯৫০ ভোট, জগ প্রতীকের প্রার্থী মো. কাজী আনোয়ার হোসেন ২২৭ ভোট এবং জাপা প্রার্থী মো. সামছুল ইসলাম মজনু লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৯ ভোট।
তিনি আরও বলেন, সবগুলো কেন্দ্রের মোট কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ (প্রায় ৪৯৬৯ ভোট) না পাওয়ায় ওই পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।