প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সহিংসতা চালানো হয়েছে। শনিবার সকালে পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, "আন্দোলনের নামে এতোগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হলো, এর দায়িত্ব কার? এর বিচার দেশবাসীর কাছে চাই।" তিনি আশ্বাস দেন, সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে।
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এবং তাদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুচিকিৎসার আশ্বাস দেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, "দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।" সহিংসতার সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর অবস্থা দেখতে বৃহস্পতিবার সকালে মিরপুর ১০-এ মেট্রোরেল স্টেশন এবং শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।