দেশব্যাপী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা অনির্দিষ্টকালের কারফিউ শনিবারও (২৭ জুলাই) বহাল রয়েছে। তবে অন্যান্য দিনের মতো আজও ঢাকা মহানগরসহ চার জেলায় দিনের নির্দিষ্ট একটি সময় কারফিউ শিথিল করা হবে।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৯ ঘণ্টা) ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। দেশের অন্যান্য এলাকায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করা হয়েছে।
বরিশাল এবং রংপুরে সবচেয়ে বেশি সময় ধরে কারফিউ শিথিল থাকবে। বরিশালে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রংপুরেও একই সময় ধরে কারফিউ শিথিল থাকবে।
চট্টগ্রামে সকাল ৬টা থেকে রাত ৮টা, রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।