পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই একটি ট্রাকসহ ‘বেইলি ব্রিজ’ ভেঙে পড়ার তিন দিন পার হলেও এখনো শুরু হয়নি মেরামত কাজ। এতে করে কলারন, সন্যাসী, মোড়েলগঞ্জ, মোংলা, শরণখোলা—এই রুটের সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন অন্তত ৬ গ্রামের কয়েক হাজার মানুষ।
শুক্রবার (২০ জুন) ভোরে উপজেলার চন্ডিপুর মালবাড়ি এলাকায় সেতুটি ভেঙে খালে পড়ে যায় ট্রাকটি। রোববার (২২ জুন) সকাল পর্যন্ত দেখা যায়, ব্রিজের ভাঙা অংশ সরানো হলেও ট্রাকটি এখনো উদ্ধার হয়নি। ফলে মেরামত কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. হিরু মাঝি বলেন, “এই ব্রিজই ছিল শহরে যাওয়ার একমাত্র ভরসা। বিকল্প কোনো রাস্তা নেই। রোগী বা শিক্ষার্থী নিয়ে চলাফেরা করাও দুঃসাধ্য হয়ে পড়েছে।”
একই গ্রামের এইচএসসি পরীক্ষার্থী ওমর জমাদ্দার বলেন, “আমাদের ২৬ তারিখ পরীক্ষা। এই ব্রিজ ঠিক না হলে আমাদের অনেকটা ঘুরে কেন্দ্রে যেতে হবে—যা সময় ও নিরাপত্তা—দুটোরই ঝুঁকি।”
ব্রিজ মেরামত শ্রমিক মিজান সরদার জানান, ট্রাকটি খাল থেকে না তুললে তারা কাজ শুরু করতে পারছেন না। ট্রাক মালিকপক্ষ নিজস্ব ক্রেন দিয়ে সেটি তুলবে বলে জানালেও এখনো তারা আসেনি।
ব্রিজ মেরামতের দায়িত্বে থাকা ঠিকাদার শাহ জামাল বলেন, “ট্রাকটি উদ্ধার না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।”
এদিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টিএম রাজিমুল আলীম রাজু বলেন, “ব্রিজের ভাঙা অংশ সরানো হয়েছে। ট্রাকটি খাল থেকে তুলে ফেললেই মেরামত শুরু হবে। এক সপ্তাহের মধ্যে ব্রিজটি সচল করার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, ট্রাকটিতে ছিল ২৭ টন কয়লা—যা ব্রিজটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে পড়ে এবং ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। রুটটি বন্ধ থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সব শ্রেণির মানুষ এখন চরম বিপাকে রয়েছেন।
জেএইচ/ইডি