গত রবিবার তীব্র গরমের মাঝে বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত জনজীবনে এনেছে স্বস্তি। আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার দেশের সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয়েছে।
সোমবারের পূর্বাভাস অনুযায়ী, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের অন্যান্য অঞ্চলে তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশেই প্রায় একই রকম থাকবে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, সপ্তাহজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে এবং আগামী সপ্তাহ থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। তিনি বলেন, বর্তমানে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ কিছু জেলায় কমে আসবে। তবে উত্তরাঞ্চলে তা প্রশমিত হতে আরও কিছুদিন সময় লাগবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল মঙ্গলবারও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।