২৩ জানুয়ারি (রোববার) আবহাওয়া অধিদফতর আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা, দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। সেই সঙ্গে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এ আবহাওয়া আরও দুয়েকদিন পর্যন্ত বিরাজ করতে পারে।
তিনি বলেন, এমন আবহাওয়া আরও দুয়েকদিন থাকতে পারে। তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে। কিছু এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।
এদিকে, রোববার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।