৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আগামী ১৫ আগস্ট পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।