জয়পুরহাটে আলুর বাজারে অব্যাহত দরপতনে চরম বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে আলু বিক্রি করতে হওয়ায় লোকসানের আশঙ্কায় হিমাগার থেকে আলু তুলছেন না অনেকে। জেলার ২২টি হিমাগারে এখনো প্রায় ৪৫ শতাংশ আলু অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মৌসুমে জয়পুরহাটে প্রায় ৯ লাখ ৪৩ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। এর মধ্যে কৃষক ও ব্যবসায়ীরা ভালো দামের আশায় জেলার ২২টি হিমাগারে প্রায় ২ লাখ ৩৮ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করেন। কিন্তু বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় এখন বিপাকে পড়েছেন তারা।
কৃষক ও ব্যবসায়ীদের তথ্যমতে, ৬০ কেজির এক বস্তা স্টেরিক, কার্ডিনালসহ কয়েকটি জাতের আলু উৎপাদনে খরচ হয়েছে সর্বোচ্চ ১ হাজার ২৫০ টাকা। অথচ বর্তমানে হিমাগার গেটে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ৫৫০ থেকে ৬৭০ টাকায়। দেশি পাকড়ি জাতের আলুর এক বস্তা উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১ হাজার ৬০০ টাকা, বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৫০ টাকায়। এতে জাতভেদে প্রতি বস্তায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।
আগামী ১৫ নভেম্বর আলু সংরক্ষণের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে আলু উত্তোলন না হলে বিদ্যুৎ বিল, ভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় নিয়ে হিমাগার মালিকরাও আর্থিক সংকটে পড়তে পারেন।
এ পরিস্থিতিতে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা, রপ্তানির সুযোগ সৃষ্টি এবং হিমাগারে সংরক্ষণের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। জেলা কৃষি বিপণন অফিসের পক্ষ থেকেও সংরক্ষণের মেয়াদ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।