ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আবারও দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা আকাশে উড়োজাহাজের শব্দ শোনার পর দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিতকরণের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তাসনিম।
এদিকে, কেশম দ্বীপে হামলার ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্বীপটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি ও নৌবাণিজ্যের ক্ষেত্রেও এর কৌশলগত গুরুত্ব রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।