দেশে প্রাইভেট টিউশন বা গৃহশিক্ষকের ওপর অতিরিক্ত নির্ভরতা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, সন্তানের প্রতিটি বিষয়ের জন্য আলাদা গৃহশিক্ষক রাখার প্রবণতা অনেক পরিবারের মধ্যে সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতার প্রবণতা রয়েছে। তবে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনে এই নির্ভরতা কমানো জরুরি।
তিনি জানান, বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠদান নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ চালুর পরিকল্পনা রয়েছে। এসব ল্যাবে বিভিন্ন শিক্ষণ উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক গণিত শেখানো হবে।
এ ছাড়া শিশুদের আনন্দের সঙ্গে বিজ্ঞান শেখাতে প্রাথমিক পর্যায়ে ‘সায়েন্স টয়’ ব্যবহারের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। মুখস্থনির্ভরতার পরিবর্তে আনন্দ ও ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীদের বিদ্যালয়কেন্দ্রিক শিক্ষা আরও কার্যকর করা গেলে অতিরিক্ত প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতা কমানো সম্ভব হতে পারে।