‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমেরই অংশ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যে এ সফর নিয়ে নানা ধরনের আলোচনা দেখা যায়। তবে সরকারের পক্ষ থেকে সফরটিকে স্বাভাবিক ও নিয়মিত কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও সম্প্রতি ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে।