মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধকালীন বিভিন্ন অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া এ রায় আসাদের অনুপস্থিতিতেই ঘোষণা করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রায় ১৪ বছরব্যাপী গৃহযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তারসহ গুরুতর অপরাধের অভিযোগে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটি আসাদের বিরুদ্ধে প্রথম কোনো আইনি দণ্ডাদেশ।
আসাদের ভাই মাহের আল-আসাদ এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নাজিব ২০১১ সালে দারায় সরকারবিরোধী আন্দোলন দমনে ভূমিকার জন্য মামলায় অভিযুক্ত ছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের অভিযানে আসাদ সরকারের পতনের পর তিনি সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। ফলে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা এখনই সম্ভব নয়। তাকে সিরিয়ায় ফিরিয়ে আনার বিষয়টিও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
রায়ের পর সিরিয়ার বিভিন্ন এলাকায় মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে দারা অঞ্চলে রায়কে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়। ২০১১ সালে এই এলাকাতেই সরকারবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল।