রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুলের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাইয়ে তার দাখিল করা মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়।
এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। পরে তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমানে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।