মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসগুলোই কেবল সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য ও শর্ত মেনে চলা বাধ্যতামূলক। একই আইনের ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।
বিআরটিএর আইনজীবী জানান, স্লিপার বাস চলাচলের জন্য সংস্থাটির অনুমোদন দেওয়া হয়নি। ফলে হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেননি। অনুমোদন ছাড়া বা আইনবহির্ভূতভাবে কোনো বাস চলাচল করলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আদালতের এ নির্দেশনার ফলে বিআরটিএর অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া স্লিপার বাস সড়কে চলাচলের সুযোগ থাকছে না।