ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান এবং দেশটিতে মার্কিন সামরিক অভিযান সীমিত করার লক্ষ্যে তৃতীয়বারের মতো একটি ওয়ার পাওয়ার্স রেজল্যুশন পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ২২০ জন এবং বিপক্ষে ২০৪ জন সদস্য ভোট দেন। ডেমোক্র্যাটদের পাশাপাশি সাতজন রিপাবলিকান আইনপ্রণেতাও প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন।
প্রস্তাবটির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে জুন ও জুলাই মাসেও প্রতিনিধি পরিষদ একই ধরনের প্রস্তাব পাস করেছিল।
তবে আগের প্রস্তাবগুলোর মতো এবারও এটি প্রেসিডেন্টের কাছে পৌঁছাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এপি জানিয়েছে, আগের কোনো প্রস্তাবই প্রেসিডেন্টের ডেস্কে পৌঁছায়নি এবং ট্রাম্প এমন পদক্ষেপে ভেটো দিতে পারেন।
এদিকে কংগ্রেসের বাজেট অফিসের হিসাবে, আগস্টের শুরু পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। যুদ্ধ চলতে থাকলে প্রতি মাসে আরও প্রায় ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে অনুমান করা হয়েছে।