জামালপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সরিষাবাড়ী উপজেলার বয়রা এলাকার বাসিন্দা। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসা করতেন।
জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ছেড়ে যাচ্ছিল। এ সময় আব্দুল মালেক দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন।
একপর্যায়ে পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।