খুলনার পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ৬ জন, জুনে ৪ জন, জুলাইয়ে ১৫ জন এবং আগস্টে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সেপ্টেম্বরের ২৬ দিনে আরও ১০৪ জন ভর্তি হওয়ায় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।
৫০ শয্যার এই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আগে পাঁচটি শয্যা নির্ধারিত ছিল। রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বর মাসে আরও ২০টি শয্যা বাড়িয়ে মোট ২৫টি করা হয়েছে। এরপরও রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। কোনো কোনো রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। রোগীর চাপের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট থাকায় সেবা দিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে পাইকগাছা পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয়দের বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্র