পবিত্র রমজান মাসে একাই যিনি খতম তারাবি পড়াতেন। অত্যন্ত তুখোর মেধাবী ও দ্বীনদার যে তরুণ। মাত্র ১৮ বছরের এই তরুন তাঁর ব্যবহারে বাবা-মা, ওস্তাদ, মাদরাসার সহপাঠীরা সহ সকলের মন জয় করেছেন তিঁনি।
দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের পরিচালক মুফতি মো. আনিসুজ্জামান শিকদার কাসেমী'র ছোট পুত্র মরহুম হাফেজ ওবায়দুর রহমানের স্মরণে চাঁদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফেজ ওবায়দুর রহমান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মাত্র ১৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। স্মৃতিচারণে বক্তারা জানান, হাফেজ ওবায়দুর রহমান অত্যন্ত মেধাবী ও দ্বীনদার তরুণ ছিলেন। পবিত্র রমজান মাসে তিনি একাই খতম তারাবির নামাজ পড়াতেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুরের উপপরিচালক মো. সেলিম সরকার। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুরের ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন, চাঁদপুর সদর ফিল্ড সুপারভাইজার মো. সালাহ্ উদ্দিন এবং বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন। বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, চাঁদপুরের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা হাফেজ ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে তাঁর মেধা, দ্বীনদারি ও ইসলামী শিক্ষায় অনুরাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে মরহুম হাফেজ ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা পীর সাহেব খাজা জুবায়ের।