রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও তাদের সাহসের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিরা কারা এবং তারা কীভাবে এমন কাজ করার সাহস পাচ্ছে, তা খুঁজে বের করা প্রয়োজন। এ সময় তিনি অতীতে ব্যাংক লুট ও জনগণের অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে ককটেল নিক্ষেপ করে চলে যান। তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।