অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। তিনি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ।
এর আগে, বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে।
আজ মঙ্গলবার, ড. ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন এবং ২৭ সেপ্টেম্বর সকালে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও করেছেন।