লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভ্যানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তহিজার রহমান শান্তি, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং টংভাঙ্গা ইউনিয়নের সদস্য মোহাম্মদ আশরাফ আলী এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন।