সিরাজগঞ্জ সদর উপজেলায় মাছ ধরার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. নাইম ইসলাম (২২) নামে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
অভিযুক্ত নাইম ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের মো. নান্টু মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশু স্থানীয় তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় নাইম ইসলাম তাকে বেশি করে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাত ধরে বাড়ির পাশের নির্জন বেতের আড়ের ভেতরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির সঙ্গে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে রাতে শিশুটি শারীরিক যন্ত্রণায় কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে পারেন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে শিশুটির মা মোছা. বিলকিস খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে অভিযুক্ত নাইম ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
সিরাজগঞ্জ সদর আদালতের জিআরও মো. জুয়েল রানা জানান, সদর থানা পুলিশ নাইম ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিশুটির পরিবার।