মাটি আর সবুজের সঙ্গে যাদের সম্পর্ক হৃদয়ের গভীরে, তাদের গল্প সবসময়ই আলাদা। তেমনই একজন মানুষ ঈশ্বরগঞ্জ উপজেলার মোঃ মহরম আলী। দারিদ্রতা ও বৃক্ষের প্রতি ভালোবাসা থেকে ১৯৮৫ সালে তিনি যাত্রা শুরু করেন নার্সারি ব্যবসায়—তখন বয়স কেবল কিশোরত্বে। সময়ের স্রোতে বেড়েছে তার স্বপ্ন, ছড়িয়ে পড়েছে তিন একরের সবুজ রাজ্যে, যার নাম বনরাজ হার্টিকালচার নার্সারি।
এই নার্সারি আজ শুধু স্থানীয় নয়, পরিচিতি ছড়িয়েছে দূর-দূরান্তেও। দেশের নানা প্রান্ত থেকে আগ্রহী কৃষক, উদ্যোক্তা ও প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন তার কাছ থেকে মানসম্মত চারা সংগ্রহ করতে। কারণ, এখানে মিলেছে ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী ও সবজি—মোট দুই শতাধিক জাতের গাছের চারা, যা যত্নে-ভালোবাসায় লালন করেন তিনি।
তারই শখে ও শ্রমে গড়া বিশাল আমবাগান থেকেও আসে মোটা অঙ্কের আয়। প্রতিবছর প্রায় ২ লাখ টাকার আম বিক্রি করেন তিনি। আর নার্সারি থেকে মাসিক আয় ছাড়িয়ে যায় লাখ টাকার উপরে, যার দ্বারা তিনি তার তিন সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন।
তার বড় ছেলে সাব্বির আহমেদ বর্তমানে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। মেজো ছেলে সায়মন আহমেদ, উচ্চশিক্ষার পাশাপাশি বাবার সবুজ স্বপ্নের সারথি হয়ে নার্সারিতে কাজ করছেন। তিনি স্বপ্ন দেখেন বাবার মতো একজন সফল উদ্যোক্তা হবার—নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে শুধু নিজের জন্য নয়, সমাজের মানুষের জন্যও কিছু করে যাওয়ার। আর ছোট ছেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
শুধু সায়মনই নয়, বর্তমানে তার নার্সারিতে কাজ করছেন ৭ জন শ্রমিক, যারা প্রতিদিন সময় দেন এই সবুজ সাম্রাজ্যে। এই কর্মসংস্থানের সুযোগ স্থানীয় অনেক পরিবারে এনেছে স্থিতিশীলতা ও স্বপ্নের আলো।
মহরম আলীর নার্সারি জাতীয় বৃক্ষমেলায় একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও পেয়েছেন সম্মাননা। তার সাফল্যে গর্বিত পুরো ঈশ্বরগঞ্জবাসী।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন,
“মহরম ভাই আমাদের ঈশ্বরগঞ্জের গর্ব। তার মতো মানুষই সত্যিকার অর্থে দেশের সম্পদ।”
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন,
“মহরম আলীর এই নার্সারি ঈশ্বরগঞ্জে একটি রোল মডেল। তিনি শুধু গাছই চাষ করেন না, চাষ করেন আশা, কর্মসংস্থান এবং জীবনের সম্ভাবনা।”
গাছের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা আর পরিশ্রমকে সঙ্গী করে মহরম আলী আজ শুধু একজন উদ্যোক্তা নন—তিনি একজন সবুজ বিপ্লবের নায়ক।