বুধবার (২১ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে বাংলাদেশে দ্রুত ‘সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার ৪১ জন এমপি ও সিনেটর। একইসঙ্গে তারা জুলাইয়ের সহিংস ঘটনার বিচার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি জানান। চিঠিতে বলা হয়েছে, “গত বছরের জুলাই বিপ্লবে জনগণের সাহস ও দৃঢ়তা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। বিগত তিনটি জাতীয় নির্বাচনে সরকার বৈধতা হারিয়েছে। তাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সিদ্ধান্তে বিলম্ব হলে বা কোনো পরিষ্কার বার্তা না এলে জনগণের মধ্যে অবিশ্বাস আরও গভীর হবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকিতে পড়বে। তারা বলেন, “বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই অন্তর্বর্তী সরকারকে এখনই স্পষ্ট রূপরেখা দিতে হবে।” জুলাইয়ের সহিংসতার প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ওই সময় সহিংসতায় বহু মানুষ নিহত ও আহত হয়েছে। এ ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে।” র্যাব প্রসঙ্গে চিঠিতে বলা হয়, “মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে দেখা গেছে, র্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত। র্যাবের নেতৃত্বের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি আমরা সমর্থন জানাই এবং অস্ট্রেলিয়ান সরকারকেও একই ধরনের ব্যবস্থা নিতে আহ্বান জানাই।” চিঠিতে আরও জানানো হয়, অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার দেখতে আগ্রহী। এজন্য তারা ভবিষ্যতেও গঠনমূলকভাবে সহায়তা দিতে প্রস্তুত।
জেএইচ/ইডি