বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আজ।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দেবেন।
আলোচিত এই রিটের আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশ গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার এই রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়।
এই রিট আবেদনটি করেন ঢাকার দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকবর আলী।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।
রায়ের অনুলিপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। পরে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র ঘোষণা করা হয়।
এদিকে ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘ঢাকাবাসী’। গুলিস্তানে নগরভবনের সামনে এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জেএইচ/ইডি