এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না: বিএনপির প্রস্তাব
ইসময় ডেস্ক
eshomoy.com || 2025-06-25
ফাইল ছবি |ইসময়|
একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না—এমন বিধান সংবিধানে যুক্ত করার বিষয়ে একমত হয়েছে বিএনপি। মঙ্গলবার (২৪ জুন) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাম্প্রতিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন। আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকায় বিকল্প প্রস্তাব দেওয়া হয়—একজন ব্যক্তি আজীবনে সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তা নির্ধারণ করা হোক।
বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, একজন ব্যক্তি দুই পূর্ণ মেয়াদে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এ সময় সংবিধানে এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই বিধান সংযুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবে বিএনপি একমত নয়। দলটি এটিকে সংবিধান পরিপন্থী বলে মনে করে।
নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণ ও সংসদের উচ্চকক্ষে ১০০ সদস্য রাখার প্রস্তাবে বিএনপি ইতিমধ্যেই সম্মতি দিয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতি হিসেবে জ্যেষ্ঠতম দুই জনের মধ্য থেকে যেকোনো একজনকে নিয়োগের প্রস্তাবেও দলটি একমত হয়েছে।
সূত্র: বার্তা বাজার
জেএইচ/ইডি