সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
৩১ জানুয়ারি (সোমবার) সকালে ওবায়দুল কাদের সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন।
বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভোট ডাকাতি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এদেশে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এ দলটি নির্লজ্জের মতো সরকারের ওপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।‘
এদেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল, উন্নয়ন তাদের শত্রু- দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির রাজনীতি অনিয়ম-লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত। তাদের উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো। তাই আসল উন্নয়ন তারা দেখতে পারে না। উন্নয়ন তাদের শত্রু।’ তিনি বলেন, ‘বিএনপি তো পারেনি, উল্টো তারা এখন শেখ হাসিনার অর্জনকে বিতর্কিত করতে চায়। বিতর্কিত করতে চায় দেশের নির্বাচন ব্যবস্থাকে।‘
লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জ্বলন্ত প্রমাণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।’