সুনামগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। হরতাল সমর্থকদের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আত্মরক্ষার জন্য পুলিশও রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আহত হয় বিএনপি নেতাকর্মীরা ও বেশ কয়েকজন পুলিশ সদস্য।
রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড আরপিননগর মোড় ও জামতলা মোড় এলাকায় আধাঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে।
আরও পড়ুন- বিদেশি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নেয়ায় দেশ অনেক এগিয়েছে - প্রধানমন্ত্রী
এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা দূরে সরে গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর আবারও হামলা করে। এসময় পুলিশ ছিটাগুলি বর্ষণ করে।

পুলিশের গুলিতে বিএনপির ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। অন্যদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, মিছিলকারীদের ইটপাটকেল নিক্ষেপে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে।
আরও পড়ুন- হরতালের আগের রাতে রাজধানীতে দুই বাসে আগুন
সংঘর্ষ চলাকালে সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।
ইসময়/একে/এমআরএম