ভারতের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের চারটি, হিমাচল প্রদেশের তিনটি, উত্তরাখণ্ডের দুটি, এবং পাঞ্জাব, বিহার, তামিলনাড়ু, এবং মধ্যপ্রদেশের একটি করে আসনে ভোট নেওয়া হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গে উপনির্বাচনের শুরুতেই বিক্ষিপ্ত সহিংসতার অভিযোগ উঠেছে। এখানে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা বিধানসভা আসনে ভোট চলছে। মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ১০৯৭টি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তৃণমূলের প্রার্থী করা হয়েছে তাঁর স্ত্রী সুপ্তি পান্ডেকে। রায়গঞ্জে বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণে বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী এবার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনির্বাচন হচ্ছে হিমাচল প্রদেশের হামিরপুর, নালাগড় এবং দেহরা আসনে। এখানে নির্দলীয় বিধায়করা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি এই তিন সাবেক নির্দলীয় বিধায়ককেই প্রার্থী করেছে, অন্যদিকে কংগ্রেসও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে।
উত্তরাখণ্ডের মঙ্গলৌর আসনে কংগ্রেস, বিজেপি এবং বিএসপির মধ্যে ত্রিমুখী লড়াই চলছে। অন্যদিকে বদ্রীনাথ আসনে মুখোমুখি কংগ্রেস ও বিজেপি। পাঞ্জাবের পশ্চিম জলন্ধর আসনে আপের প্রাক্তন বিধায়ক শীতল অঙ্গুরালের বিজেপিতে যোগ দেওয়ায় উপনির্বাচন হচ্ছে এবং তাঁকেই প্রার্থী করা হয়েছে।
বিহারের রূপালৌ আসনে আরজেডির টিকিটে প্রার্থী হয়েছেন বিমা ভারতী, যিনি আগে জেডিইউয়ের বিধায়ক ছিলেন। তামিলনাড়ুর বিক্রাবন্দি আসনে ডিএমকের প্রাক্তন বিধায়ক এন পুঘাজেন্তির মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে এবং সেখানে ডিএমকের সঙ্গে লড়াই করছে বিজেপির শরিক পিএমকে। মধ্যপ্রদেশের অমরওয়াড়া আসনে কংগ্রেস বিধায়ক কমলেশ শাহ ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় উপনির্বাচন হচ্ছে, যেখানে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।