ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর মারখালা বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানির স্রোতে ভেসে সিদ্দিক খাঁ (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সিদ্দিক খার বাড়ি ওই ইউনিয়নের সেলিমনগর গ্রামে।
এ ঘটনায় তার ছেলে একরাম খাঁও পানির স্রোতে ভেসে যায়। পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, সকালে সিদ্দিক খাঁ এবং তার ছেলে একরাম খাঁ তিতাস নদীর মারখালা বিলে তাদের জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। এ সময় পানির প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই ভেসে যান। তাদের চিৎকার শুনে দ্রুত স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে একরাম খাঁকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও সিদ্দিক খাঁ এখনও নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে নবীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার জনান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নবীনগর ফায়ার সার্ভিসের দল এবং ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে।