হরমুজ প্রণালি খোলা-বন্ধের সিদ্ধান্ত শুধু ইরানের: তেহরান
হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ কখন খোলা হবে বা বন্ধ থাকবে, সে সিদ্ধান্ত শুধু ইরানই নেবে। শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের সঙ্গে চলমান সংঘাতের বাস্তবতা মেনে না নেয়, ততক্ষণ হরমুজ প্রণালিতে অবরোধ বহাল রাখবে তেহরান। একই সঙ্গে কোনো হুমকিমূলক বক্তব্য, সামরিক উপস্থিতি বা রাজনৈতিক ঘোষণা দিয়ে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। সংঘাত শুরুর আগে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ এই গুরুত্বপূর্ণ রুট ব্যবহার করত।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হওয়ায় হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।