ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে করা অন্তর্বর্তী সমঝোতা স্মারকের ৬০ দিনের মেয়াদ শেষ হয়েছে। তবে নতুন করে এই সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তিনি দেখছেন না। ফলে জুনে করা সমঝোতার মেয়াদও বাড়ানো হবে না।
জুনে স্বাক্ষরিত এই সমঝোতার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামিয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তির পথে এগোনো। এর আওতায় যুদ্ধবিরতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনার জন্য দুই দেশকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে আলোচনায় অগ্রগতি হয়নি।
ট্রাম্প আবারও ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোকে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, সমঝোতার মেয়াদ শেষ হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।