বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অভিবাসন প্রবাহ কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার সময় তাদের স্বামী-স্ত্রী বা সন্তানকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ হারাবেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, পরিবর্তনটি মূলত ভবিষ্যতে ইস্যু করা শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যে পরিবারসহ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়মের কারণে পরিবার বিচ্ছিন্ন করার কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আসিয়ানভুক্ত কিছু দেশের শিক্ষার্থী এবং নির্দিষ্ট কিছু কোর্সে, বিশেষ করে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ থাকতে পারে।
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, দেশটির নেট বিদেশি অভিবাসন কমিয়ে ২০২৮ সালের মধ্যে বছরে প্রায় ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে অস্থায়ী ভিসার সংখ্যা নিয়ন্ত্রণ ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশত্যাগ নিশ্চিত করার মতো আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে অস্ট্রেলিয়ার সরকারি ‘Study Australia’ ওয়েবসাইটে শিক্ষার্থী ভিসায় স্বামী-স্ত্রী ও ১৮ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানকে সঙ্গে নেওয়ার সুযোগের কথা উল্লেখ ছিল। নতুন নীতিতে সেই সুযোগ অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে সীমিত হচ্ছে।