দীর্ঘ ৯ বছর পর ফরিদপুরের ভাঙ্গায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমার নদে আয়োজিত এ নৌকাবাইচ ঘিরে উৎসবে মেতে ওঠে ভাঙ্গার মানুষ।
দীর্ঘদিন পর প্রিয় এই লোকজ আয়োজন ফিরে আসায় মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে নামে লক্ষাধিক মানুষের ঢল। নদীর পাড়, আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে হাজারো দর্শনার্থীর ভিড়ে কোথাও যেন দাঁড়ানোর জায়গাটুকুও ছিল না। ঢাকঢোল, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দুই তীর।
প্রতিযোগিতায় মোট ২১টি নৌকা অংশ নেয়। নৌকাগুলো বড়, মাঝারি ও ছোট এই তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী নৌকাকে পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকাকেও টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ফরিদপুরের জেলা প্রশাসক মাজাহার ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার নিয়াজী, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার, নায়ক ওমর সানি, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘দীর্ঘদিন পর ভাঙ্গাবাসীর প্রাণের দাবি নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। এ নৌকা বাইচকে কেন্দ্র করে দল-মত, ধর্মনির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করেছে। দীর্ঘদিন এই নৌকা বাইচের আনন্দ থেকে মানুষ বঞ্চিত ছিল।’
তিনি বলেন, ‘লোকসংস্কৃতির শেকড়ের টানে নৌকা বাইচসহ গ্রামবাংলার জারি, সারিসহ সব ধরনের লোকসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। মানুষকে আনন্দ দিতে হবে।’
নৌকা বাইচ সফল করতে স্থানীয় প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দসহ সব শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানান তিনি। আগামী বছর আরও ব্যাপক পরিসরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ আয়োজনের কথাও জানান সংসদ সদস্য।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা বলেন, দীর্ঘদিন পর সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ভাঙ্গার ঐতিহ্যবাহী নৌকা বাইচ তৎকালীন সময়ে আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন ভাঙ্গার মানুষ এ আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। জনগণের আগ্রহের কথা জানতে পেরে সংসদ সদস্য আবারও কুমার নদে নৌকা বাইচের আয়োজন করেছেন। এ খবর ছড়িয়ে পড়ায় ভাঙ্গাসহ আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নৌকা বাইচ উপলক্ষে কোন রকম অপ্রীতিকর ঘটনা বা আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা, নৌকা বাইচ উদযাপন কমিটি সহ সেচ্ছাসেবকরা ছিল তৎপর।
দীর্ঘ বিরতির পর নৌকাবাইচের এমন জমজমাট আয়োজনকে ঘিরে ভাঙ্গার মানুষের মধ্যে ফিরে আসে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির সেই চিরচেনা আবহ। কুমার নদের বুকে ছুটে চলা রঙিন নৌকা আর লক্ষাধিক মানুষের উচ্ছ্বাসে দিনটি পরিণত হয় ভাঙ্গার মানুষের এক মিলনমেলায়।