ইউরোপের ‘দ্বিমুখী নীতি’র সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় দেশগুলোর নীতির সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ইউরোপের ‘দ্বিমুখী নীতি’ নিয়ে আপত্তি জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরাগচি বলেন, ইউরোপীয় দেশগুলো একদিকে আইনের শাসন ও মানবাধিকার সমর্থনের কথা বলছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের ক্ষেত্রে নীরবতা বা সমর্থনের অবস্থান নিচ্ছে।
আরাগচি আরও বলেন, পারমাণবিক ইস্যুতে ইরান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দায়িত্বশীল অবস্থান বজায় রাখছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নীতি ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চলমান মধ্যপ্রাচ্য সংকট, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।