দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। নতুন দাম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা এবং ২৮ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ কমানোর ফলে চার দিনের মধ্যে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।