দক্ষিণ এশিয়ায় এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি। বর্তমানে দেশে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা।
সোমবার (২ নভেম্বর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে অক্টোবর মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনায় দেখা যায়, পাকিস্তানে ১২ কেজি এলপিজির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৮৩ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৫৬৭ টাকা এবং নেপালে ১ হাজার ৪২৬ টাকা। অন্যদিকে, ভারতের কলকাতায় একই পরিমাণ এলপিজির দাম প্রায় ১ হাজার ৭২ টাকা।
এলপিজির দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের মূল্য, ডলারের বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। বাংলাদেশে আমদানি ও পরিবহন ব্যয়কে তুলনামূলক বেশি দামের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের এই ব্যবধান সাধারণ ভোক্তাদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। রান্নার অন্যতম প্রধান জ্বালানি এলপিজির বাড়তি দামে সংসারের ব্যয় সামলাতে চাপের মুখে পড়ছেন গ্রাহকেরা।