ধুলা আর বালুতে ধূসর চারিদিক। ভর দুপুরে দূর থেকে মনে হয় সড়ক ও তার আশে-পাশে যেন কুয়াশা পড়ছে। ধুলায় আচ্ছন্ন সিলেটের গোলাপগঞ্জের গাজী বোরহান উদ্দিন রোড, চলতে হয় নাক-মুখ চেপে।
ক্ষোভ আর আক্ষেপে পথচারীরা বলছেন, গুরুত্বপূর্ণ বোরহান উদ্দিন রোডে যেভাবে বালুময় হয়ে উঠেছে তাতে মনে হয় এ যেন মরুপথ। চলছে গাজী বোরহান উদ্দিন রোডের সংস্কার কাজ।
কাজ শেষে সড়কের ওপর রাখা হচ্ছে বালির স্তূপ। দীর্ঘদিন এভাবে বালু রাখায় হচ্ছে বায়ুদূষণ। যার ফলে বাতাসের সঙ্গে প্রশান্তির বদলে ধুলোবালিতে নাকাল পথচারীরা। বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে রোগবালাই।
ধীরগতিতে কাজ করা ও প্রতিকার না থাকায় বাতাসের সঙ্গে ধুলো উড়ে রাস্তায় হাঁটার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে, বাড়ছে শ্বাসকষ্ট, এলার্জিসহ নানা স্বাস্থ্যঝুঁকি
সরেজমিন গিয়ে দেখা যায়, গোলাপগঞ্জের রুস্তমপুর থেকে বাঘা পর্যন্ত কাজ চলছে। এ কাজে ব্যবহৃত বালি রাখা হয়েছে রাস্তার ওপর, যা বাতাসের সঙ্গে মিশে সৃষ্টি হয়েছে ধুলোবালি।
গর্তের মাটি রাস্তায় ফেলার কারণে এমন ধুলোর সৃষ্টি হয়েছে।
রাস্তার কাজ শেষ হতে সময় লাগবে আরও আট-দশ মাস।
এলাকাবাসী ও পথচারীর চাওয়া রাস্তার সংস্কার কাজটা খুব দ্রুত শেষ করার জন্য, তাহলে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন।