সকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩১ জুলাই (রোববার) য়্যুভেন্তাসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে নিউইয়র্ক রেড বুলসকেও একই ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুমে গিয়ে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমের প্রথম দুই ম্যাচে বার্সেলোনার কাছে ১-০ এরপর মেক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের শেষ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তি দল। ১০ আগস্ট উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
৯০ হাজার দর্শকের সামনে কঠিন পরীক্ষা পাস করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে রিয়াল। প্রথমার্ধের ১৯তম মিনিটে করিম বেনজেমার পেনাল্টি থেকে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে দলকে আরো এগিয়ে দেন আসেনসিও। এই দুই গোলের পর আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচটি।
এদিকে নিউইয়র্ক রেড বুলসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৪০ মিনিটে দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। এরপরের গোলটি করেন মেমফিস দিপাই। ম্যাচ শেষের তিন মিনিট আগে দিপাইয়ের গোলের বার্সার সহজ জয় নিশ্চিত হয়।
বার্সার বিপক্ষে ম্যাচে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি রেড বুলস। ম্যাচে বার্সেলোনা ১৫ টি শট নেয়, যার ৭ টি অন টার্গেট ছিল। বল দখলেও বেশ এগিয়ে ছিল কাতালান ক্লাবটি।
এখনো একটি প্রীতি ম্যাচ বাকি আছে বার্সেলোনার। ৮ আগস্ট পুমাস ইউএনএএমএর বিপক্ষে মাঠে নামবে জাভির দল। এরপর ১৪ আগস্ট রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লা লিগা মিশন শুরু করবে বার্সেলোনা।